২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দফা এখনো দিক নির্দেশক: ফয়েজ আহমেদ

৬ দফা ছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের 'অমূল্য সনদ'। আর এখনো এই ৬ দফাকে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের দিক-নির্দেশক বলেই মনে করেন প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

ঢাকা, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৬ দফা ছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের 'অমূল্য সনদ'। আর এখনো এই ৬ দফাকে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের দিক-নির্দেশক বলেই মনে করেন প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমেদ। পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের আমলকে বাঙালির ওপর নির্যাতনের দুঃসহ সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মুক্তি পেতে ১৯৬২ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যপক গণ আন্দোলনের সূচনা করে। এই আন্দোলনই আওয়ামী লীগের ৬ দফা আন্দোলনকে আরো শক্তিশালী করে। স্মৃতি চারণ করে ফয়েজ আহমেদ বলেন, ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে পালিত হয় হরতাল। পাকিস্তানি বাহিনীর গুলিতে সেদিন শহীদ হন অনেকে। তিনি মনে করেন, এরই সূত্র ধরে সূচিত গণ আন্দোলনের প্রভাব প্রবলভাবে পড়েছিল পূর্ব বাংলার ভবিষ্যৎ রাজনীতিতে। আইয়ুব সরকার ও মুসলিম লীগ এ কথা উপলব্ধি করেছিল বলেই তারা ৬ দফার তীব্র প্রতিবাদ করে। একজন সাংবাদিক হিসেবে সেই সময়ের রাজনৈতিক পট-পরিবর্তন কাছ থেকে প্রত্যক্ষ করেছেন ফয়েজ আহমেদ। ৬ দফার আন্দোলন যখন তুঙ্গে তখন চাকরি সূত্রে দেশের বাইরে তিনি। "আমি তার অল্পদিন আগেই পিকিং রেডিওতে কাজ করার জন্যে নিয়োজিত হয়েছিলাম। পিকিং থেকে এই ৬ দফা আন্দোলনকে পর্যবেক্ষণ করেছি," বলেন ফয়েজ আহমেদ। তিনি বলেন "দেশ থেকে দূরে থেকেও দেশের রাজনৈতিক গতিধারা এবং আন্দোলনকে সবসময় পর্যবেক্ষণ করেছি। আমরা যারা এই ছয় দফার সমর্থন করতাম, তাদের রাজনৈতিক চিন্তা-চেতনাই ছিল প্রগতিশীল ও বামধারার।" ফয়েজ আহমেদ বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা প্রকাশ ছিল এক বৈপ্লবিক রাজনৈতিক কর্মপন্থা। এই ৬ দফার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিধারা বিদরিত ছিল।" আওয়ামী লীগের সমর্থক নয়, পূর্ব বাংলার প্রগতিশীল এমন মানুষেরাও ৬ দফার প্রতি তাদের সমর্থন জানিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, "সেই ধারাকে ঘিরেই আমার রাজনৈতিক চিন্তার প্রসার ঘটেছে। যার প্রচ্ছন্ন প্রভাবে আমরা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ পর্যন্ত অগ্রসর হই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এমএইচসি/এসএএ/এমএসবি/১৮০৪ ঘ.