২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৮

মাদারীপুরের রাজৈর, গাজীপুরের কালিয়াকৈর, গোপালগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের রাজৈর, গাজীপুরের কালিয়াকৈর, গোপালগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন। এছাড়া রোববার রাতে বগুড়ার আদমদীঘী উপজেলায় একটি প্রাইভেট কার খাদে পড়ে মা-ছেলে নিহত হন। নওগাঁর মান্দা এলাকায় দুর্ঘটনায় মারা গেছে দুই বাসযাত্রী। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মাদারীপুর: রাজৈর-শ্রীনদী সড়কের সানেরপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় সকাল ১১ টার দিকে যাত্রীবাহী বাস রবিউল শেখকে (১১) চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান জানান, নিহত রবিউল রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের বাবুল শেখের ছেলে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা হয়েছে। গাজীপুর: কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার সকালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিউলি (৩২) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১১ জন। হতাহতরা মাইক্রোবাসের যাত্রী এবং কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ট গ্র"পের গার্মেন্টস কারখানার কর্মী। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে বলে কোনাবাড়ি হাইওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হালিম জানান। তিনি বলেন, সকাল ৬টার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত শিউলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বগুড়া: বগুড়ার আদমদীঘী উপজেলার প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের পোঁতা নামক স্থানে রোববার রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার শাহজাদপুর গ্রামের আব্দুল কাদের মণ্ডলের স্ত্রী রহিচা বেওয়া (৬৫) ও তার ছেলে আব্দুর রব (৪৫)। আদমদীঘি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, ঢাকায় একটি পারিবারিক অনুষ্ঠান শেষে মা ও ছেলে প্রাইভেট গাড়িতে নওগাঁর উদ্দেশে রওনা হয়। গাড়িটি আদমদীঘি থানার পোঁতা এলাকায় রেলক্রসিং এর পাশে একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে ওসি জানান। ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় সোমবার দুপুরে একটি মালবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই এক ব্যাক্তি নিহত হন। এই ঘটনায় আরো দুজন আহত হয়েছে। নিহত মো. জানু মিয়া (৩৫) শাহবাজপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক। বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে জানু মিয়া নিহত হন। আহত দুজনের পরিচয় জানা যায়নি। তাদের হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ: রোববার রাত সাড়ে ৮ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী যাত্রীবাহী একটি মিনি বাস রাজশাহী-নওগাঁ মহাসড়কের কুশুম্বা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। মান্দা থানার ওসি এ কে এম খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় মিনিবাসটি। এতে আরো অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরা হলেন- তামান্না ও হাসি। তাদের বাড়ি নওগাঁর মৈনম গ্রামে। গোপালগঞ্জ: সোমবার বিকালে সদর উপজেলার হরিদাসপুর সেতুর সংযোগ সড়কে নসিমন (স্থানীয় যান্ত্রিক যান) চাপায় মারা গেছে এক শিশু। নিহতের নাম- রাতুল (৩)। সে হরিদাসপুর গ্রামের রাসেল মিয়ার ছেলে। সদর থানা পুলিশ জানায়, পুলিশ নসিমনটি আটক করলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/কিউএইচ/এমএসবি/২০২৬ ঘ.