মাদারীপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ত্র মামলায় মাদারীপুরে এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ মো. আতিকুর রহমান রহমান সোমবার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত রোমান ফরাজী (৩৫) শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের খোরশেদ ফরাজীর ছেলে। তিনি একটি 'চরমপন্থী' সংগঠনের নেতা বলে মামলায় এজাহারে বলা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১১ মার্চ রোমানকে আমেরিকায় তৈরি রিভলবারসহ আটক করে র্যাব। পরে তার বিরুদ্ধে র্যাব অস্ত্র আইনে মামলাটি করে।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পী সাংবাদিকদের জানান, রোমানের বিরুদ্ধে মাদারীপুরের দত্তপাড়া ফাঁড়ি লুট, চারটি হত্যা ও একটি ধর্ষণের মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৩৮ ঘ.
bdnews24