২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাখালপাড়ার হেলে পড়া ভবনটিও ভাঙবে রাজউক

এবার পূর্ব নাখালপাড়ার হেলে পড়া পাঁচ তলা ভবনটি ভাঙা শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 11:42 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার পূর্ব নাখালপাড়ার হেলে পড়া পাঁচ তলা ভবনটি ভাঙা শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাখালপাড়া সমিতি বাজারের কাছে হেলে পড়া বাড়িটি ভাঙার কাজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে।" এছাড়া রাজধানীর উত্তর বেগুনবাড়িতে হেলে পড়া সাত তলা ভবনটি সোমবার থেকে মালিকের লোকজনের পাশাপাশি রাজউকের শ্রমিকরা ভাঙা শুরু করে বলে জানান তিনি। তিনি বলেন, সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রাজউকের ৩০ জন শ্রমিক সাত তলা বাড়ির পঞ্চম তলা পর্যন্ত ভাঙার কাজ করে। রাজউকের কয়েকজন কর্মকর্তা কাজ তত্ত্বাবধান করেন। সঙ্গে মালিকের লোকজনও কাজ করে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ বাড়িটি ভাঙার কাজ আবারও শুরু হবে জানিয়ে তিনি বলেন, "একই এলাকায় আরো ১০/১২টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরিকল্পনা রয়েছে।" বাড়িটির তত্ত্বাবধায়ক আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সকালে দ্বিতীয় দিনের মতো বাড়ি ভাঙার কাজ শুরু করি। পরে রাজউকের শ্রমিকরা এসে যোগ দেয়।" তিনি অভিযোগ করে বলেন, "রাজউকের নির্দেশ মতো রোববার বাড়ি ভাঙার কাজ শুরু করি। এরপরও সোমবার হঠাৎ তারা এসে নিজেরা ভাঙার কাজ শুরু করায় আমাদের কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।" শনিবার রাজউক কর্মকর্তারা বলেছিলেন, মালিককে অবিলম্বে বাড়িটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সোমবার থেকে রাজউকই ভবনটি ভাঙার কাজ শুরু করবে। গত শুক্রবার উত্তর বেগুনবাড়ির ৪০/এ সাততলা বাড়িটি উত্তর দিকে হেলে পড়ে। শনিবারের মধ্যে বাড়ির সব লোক অন্যত্র চলে যায়। এরপর ভেঙে ফেলার জন্য বাড়ির প্রাচীরে নোটিশ টানিয়ে দেয় রাজউক। বিদ্যুৎ সংযোগ কেটে দেয় বিদ্যুৎ বিভাগ। এর আগে ১ জুন বেগুনবাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হওয়ার পর এই ভবনটি হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের বাসিন্দা ও আশেপাশের লোকজনের মধ্যে। এছাড়া ৫ জুন পূর্ব নাখালপাড়া সমিতি বাজারের কাছে পাঁচতলা একটি বাড়ি হেলে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৭১৯ ঘ.