মেহেরপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে ট্রাক চাপায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
নিহত শামসুজ্জোহা বিশ্বাস (৪৮) মেহেরপুর শহর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে শহরের টেলিফোন এক্সচেঞ্জ অফিস পাড়ার প্রধান সড়কে কুষ্টিয়া থেকে মেহেরপুর শহরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় চালক পালিয়ে যায়।
এর আগে ট্রাকটি তিনটি গরু ও কয়েকটি হাঁসকে চাপা দেয়।
দুর্ঘনটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখে।
মেহেরপুর সদর থানার ওসি জিহাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা অবরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি আটক করা হয়েছে।
নিহত শামসুজ্জোহা টেলিফোন এক্সচেঞ্জ অফিস পাড়াতে থাকতেন। শহরে তার বাই সাইকেলের ব্যবসা ছিলো।
মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীনসহ জেলা আওয়ামী লীগ নেতারা শামসুজ্জোহার লাশ দেখতে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ও তার বাড়িতে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৫০৯ ঘ.
bdnews24