বান্দরবান, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সাংবাদিক আবুল বশর নয়নকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার সকালে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
জাতীয় সাংবাদিক সংস্থা বান্দরবান জেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
গত বৃহস্পতিবার নায়নকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
শনিবার দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিব উল্লাহর ছেলে শামসু নাইক্ষ্যংছড়ি থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
পরে আদালতের মাধ্যমে এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
নয়ন দৈনিক আমার দেশ ছাড়াও বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সচিত্র মৈত্রী এবং চট্টগ্রামের দৈনিক কর্ণফুলীরও নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক মো. ওসমান গণি, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, এটিএন মিনারুল হক ও মাসিক বান্দরবান সম্পাদক মোজাম্মেল হক লিটন।
তারা নয়নের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি হাফিজুর রহমান মাস্টার জানিয়েছেন, নয়নকে ষড়যন্ত্রমূলকভাবে আটকের পর মারধর করে অস্ত্র ও গুলি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.
bdnews24