নেত্রকোনা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর এলাকায় রোববার সোমেশ্বরী নদীর তীরের তিন কিলোমিটার অংশ ভেঙে গেছে।
এতে প্রবল বেগে পানি ঢুকে দুর্গাপুর উপজেলার ডাকুমারা ও রানী খং গ্রামের বেশকিছু বসতঘর ও গাছপালা নদীগর্ভে তলিয়ে গেছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হারুন-উর- রশীদ বলেন, ভারতের মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢল ও গত দুই দিনের প্রবল বর্ষণে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডাকুমারা ও রানী খং এলাকায় সোমেশ্বরীর তিন কিলোমিটার তীর ভাঙনের ফলে নদী গর্ভে বিলীন হয় কয়েকটি বসতঘর ও বহু গাছপালা।
বরাদ্দ না থাকায় তাৎক্ষণিকভাবে ভাঙন প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
দুর্গাপুর পৌরসভার মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন, এভাবে ভাঙন অব্যাহত থাকলে অচিরেই দুর্গাপুরের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ডাকুমারা ও রাণীখং গ্রাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24