ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্তভাবে নিরূপণ করার পরই সরকারের পক্ষ থেকে পুণর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
রোববার জাতীয় সংসদে নিমতলীর ঘটনার পরিপ্রেক্ষিতে ৩০০ বিধিতে বিবৃতি দিতে দাঁড়িয়ে খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা জানান।
ঢাকার জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে এই ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।
মন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ তুলে ধরেন।
তিনি জানান, যে ভবন থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়, তার নিচেই একটি রাসায়নিক পদার্থের গুদাম ছিলো। এলাকাবাসী জানিয়েছেন, ঐ গুদামের কোনো নাম তারা জানতেন না। ভবনের তিন তলায় একটি বাগদান অনুষ্ঠান চলছিলো। বাগদান অনুষ্ঠানের রান্না থেকে প্রথমে আগুনের শুরু। তারপর, তা একটি রাসায়নিক পদার্থের ড্রামে গিয়ে পড়ে। মুহুর্তেই তা সামনের বিদ্যুতের ট্রান্সফর্মারে গিয়ে পড়ে। তাতে দু'টো ট্রান্সফর্মারই ক্ষতিগ্রস্থ হয়।
মন্ত্রী তার বিবৃতিতে বলেন, এই আগুনের খবর পেয়েই আশেপাশের সবগুলো স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি নিমতলী এলাকায় যায়। কিস্তু, সরু রাস্তার কারণে অগ্নিনির্বাপক গাড়ি ভেতরে যেতে পারেনি। এমনকি, পানির ব্যবস্থা করা হয় প্রায় আধ কিলোমিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে।
আব্দুর রাজ্জাক আরো বলেন, এই আগ্নিকান্ডের ঘটনায় ১১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, ৯৬ জনের পরিচয় পাওয়া গেছে। ২৫ জনের চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে, ১৪ জনকে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর একজনের চিকিৎসা হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে।
মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা হচ্ছে সরকারি তত্ত্বাবধানে। আহতদের আনুসাঙ্গিক খরচের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/কেএমএস/১৯৩৭ ঘ.
bdnews24