ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী যে-ই হোক, যে দলের-ই হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। অপরাধীরা সমাজ, পরিবার বা দলের জন্য কখনো মঙ্গলজনক হয় না।
রোববার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের নতুন ভবন উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "নির্যাতিতদের যে কোনো মামলা নিতে হবে। মামলার সংখ্যা বাড়ুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু নির্যাতিত হলে যে কেউ যেন থানায় গিয়ে বিচার চাইতে পারে।"
২০০১ সালে সংসদ নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "নির্যাতনের শিকার হয়েও অনেকে ভয়ে থানায় অভিযোগ করতে যেতে পারেনি। কিন্তু এখন যেন সেটা কোনোভাবেই না হয়। তবে এটাও লক্ষ রাখতে হবে, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়।"
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "পুলিশের যানবাহন, আবাসন ও জনবল সংকটের বিষয়ে সরকার সচেতন রয়েছে। এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেক পুুলিশ সদস্যের জন্য আবাসিক সুবিধার ব্যবস্থা করে দেওয়া হবে। তবে পুলিশ সদস্যদেরও সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে।"
"শাসক নয়, জনগনের সেবক হিসাবে এই সরকার নিজেদের প্রমাণ করতে চায়", বলেন প্রধানমন্ত্রী।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, "মানুষ যেন পুলিশ বাহিনীকে দেখে ভয় না পায়। যেন আস্থা পায় এই ভেবে যে, পুলিশ আমাদের উদ্ধারকারী। এই মনোভাব আপনারা তৈরি করবেন।"
পুরান ঢাকার অগ্নিকান্ডে সাহসী ও পরিশ্রমী ভুমিকার জন্যে দমকল ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "যখনি পরিস্থিতি সম্পর্কে আমি জানতে চেয়েছি, পুলিশ কর্মকর্তাদের সাথে সাথে পেয়েছি। আমি তাদের বলেছি, যখনই কোন সমস্যা হবে, আমাকে ফোন করতে হবে। এটা কোন প্রটোকলের বিষয় নয়। এটা মানুষের জীবন মরনের বিষয়।"
পুলিশের যানবাহন সংকট প্রসঙ্গে তিনি বলেন, "বিভিন্ন প্রকল্পে যেসব গাড়ি ব্যবহার করা হয়, প্রকল্প শেষে সেগুলো নিলামে না তুলে পুলিশকে দেয়ার জন্যে আমি বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে সেগুলো কিছু টাকার বিনিময়ে বা বিনামূল্যেও নিতে পারেন। কিন্তু তিনি তো আমার কাছে কোন গাড়ি চাননি!"
প্রতিটি থানার জন্যে নিজস্ব ভবন থাকা দরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জন্যে একটি নতুন ভবন নির্মাণ, পুলিশ কনস্টেবলদের জন্যে টাইম স্কেল প্রদান, পদমর্যাদা উন্নীতকরণের বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে বলে তিনি জানান।
স্বাগত বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক পুলিশ বিভাগের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ।
প্রধানমন্ত্রী ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের নতুন ভবন উদ্বোধন করেন।
এতদিন পাশ্ববর্তী একটি পুরাতন ভবনে সদর দপ্তরের কার্যক্রম পরিচালিত হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৪৩৩ ঘ.
bdnews24