ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা, রংপুর ও বরিশালে শনিবার এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিপুর গ্রাম থেকে অনন্ত চন্দ্র রবিদাস (২২), রংপুরের বদরগঞ্জের পূর্বশিবপুর গ্রাম থেকে এক শিশু (৫), মিঠাপুকুরের জালালগঞ্জ গ্রামে এক অজ্ঞাত পরিচয় তরুণ (২৫) এবং বরিশাল সদর উপজেলার নতুনচর গুচ্ছ গ্রামের সুলতান বাদশার (৪৫) লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
গাইবান্ধা: অনন্ত চন্দ্র রবিদাশ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর কলেজ পাড়ায় তার মামার কাছে থাকতেন।
শনিবার সকালে তার লাশ গোবিন্দগঞ্জের হরিপুর গ্রামে নিয়ে যান তার মামা গনেশ রবিদাস (৪৫), শুকলাল রবিদাস (৪৫) ও মামাত ভাই কার্তিক চন্দ্র রবিদাস (১৯)।
তারা অনন্তর পরিবারকে জানান, গত মঙ্গলবার অসুস্থ হলে অননন্তকে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শুক্রবার তার মৃত্যু হয়।
কিন্তু অনন্তর গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। গনেশ রবিদাস, শুকলাল রবিদাস ও কার্তিক চন্দ্র রবিদাসকে গ্রেপ্তার করা হয়েছে।
এই তিনজনসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
রংপুর: বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী জানান, শিশু মুনতাসিরকে শনিবার সকালে খুন করে বস্তায় ভরে বাড়ির পাশে ডোবায় ফেলে গেছে র্দুবৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করেছে।
শিশুটিকে গলাটিপে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় তার বাবা মেজবাউল ইসলাম বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন জানান, দুপুরে ঘাঘট নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার পরনে খয়েরী কাবলি শার্ট ও পায়জামা ছিলো।
ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বরিশাল: কোতয়ালি থানার ওসি কমলেশ চন্দ্র দাস জানান, স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী সুলতান গত বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
শনিবার সকালে কীর্তনখোল নদীতে তার লাশ পাওয়া যায়। লাশটি খতবিক্ষত ও পচা অবস্থায় পাওয়া গেছে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক মাঝি থানায় মামলা করেছেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, বুধবার সন্ধ্যায় আনোয়ার ও বাবু নামে দুই ব্যক্তি সুলতানের বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে ব্যাংকের চেক বই চায়। কিন্তু তিনি দেননি।
অপহরণ করে তাকে খুন করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১০৯ ঘ.
bdnews24