ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪৮ জনকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে লাশ দাফন করা শুরু হয়।
লালবাগ থানার ওসি মোহাম্মদ আলী জানান, শনিবার দুপুর পর্যন্ত ৪৮ টি লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
এছাড়া চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, হোসেনী দালান সংলগ্ন কবরস্থানে মোট ৯টি মৃতদেহ দাফন করা হয়েছে।
আজিমপুরে একের পর এক মৃতদেহ আসতে থাকায় কবরস্থানে দাফনের ক্ষেত্রে লাইনের সৃষ্টি হয়।
ঢাকা জেলা প্রশাসক মো. মুহিবুল হক সাংবাদিকদের জানান, তাদের হিসাবে মৃতের সংখ্যা ১১৭ জন। এদের মধ্যে ১০৯ জনের মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। আগুন চোখের পলকে আশপাশের ৫-৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে।
এতে ১১৭ জন নিহত ও শতাধিক আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এসএম/কেএমএস/২০৪৪ ঘ.
bdnews24