২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বন্যা, তিন উপজেলা প্লাবিত

দু'দিনের টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও কমলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

মৌলভীবাজার, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও কমলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কুলাউড়ায় আটটি ও জুড়ীতে সাতটি আশ্রয়কেন্দ্রে এক হাজারের বেশি পরিবার আশ্রয় নিয়েছে। বন্যাকবলিত এলাকাগুলো হলো- কুলাউড়ার সদর, জয়চণ্ডি, কাদিপুর, ভুকশিমইল, ভাটেরা, বরমচাল, টিলাগাঁও ও ব্রাহ্মণবাজার, জুড়ী উপজেলার জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, ফুলতলা ও গোয়ালবাড়ি এবং কমলগঞ্জের সদর, মাধবপুর, মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়ন। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম নুরুল হক জানান, উপজেলার সাত ইউনিয়নের মানুষ গবাদি পশু ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। এখানে আটটি আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। দুর্গতদের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে আট মেট্রিক টন চাল, নগদ ৩০ হাজার টাকা এবং চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে। কুলাউড়া-বড়লেখা সড়কের চারটি স্থান পানিতে তলিয়ে গেছে বলেও তিনি জানান। কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফি আহমদ সলমান জানান, ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ছকাপন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৪০টি পরিবার আশ্রয় নিয়েছে। আরো ৭০টি পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গেছে। ভুকশিমইল ইউনিয়নের ১৯টি গ্রামের সবকটিই বন্যাকবলিত বলে জানান পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষ চাকমা জানান, এই উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সাতটি আশ্রয়কেন্দ্রে এক হাজারের বেশি পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রিতদের মধ্যে পাঁচ মেট্রিক টন চাল এবং নগদ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। কমলগঞ্জের ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী জানান, ধলই নদীর প্রতিরক্ষা বাঁধের ছয়টি ভাঙ্গা অংশ দিয়ে পাহাড়ি ঢলের পানি ঢুকে সদর, মাধবপুর, মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নের ২৭ গ্রামের প্লাবিত হয়েছে। ধলাই নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে তিনি জানান। এদিকে জাতীয় সংসদের চিফ হুইপের কর্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিফ হুইপ আব্দুস শহীদ বিকালে কমলগঞ্জ উপজেলার বন্যা কবলিত পরিবারের মাঝে চার হাজার টাকা নগদ অর্থ সহায়তা এবং পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৭ ঘ.