ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকায় অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের একদিনের বেতন এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছেন।
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার পরিবেশ দিবসের সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, "পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এর অধীনের দপ্তর ও সংস্থাগুলোর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।"
বার্ণ ইউনিটের বিভিন্ন ওয়ার্ড ঘুরে তিনি চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। সেখানে উপস্থিত আহতদের পরিবারের সদস্যদের তিনি সান্ত্বনা দেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার যে র্যালি হওয়ার কথা ছিলো তাতে শিশু-কিশোরদের জন্য সংগ্রহ করা খাবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করা হয়। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা ছিলো।
রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শনিবার সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক কর্মসূচি পালন করা হচ্ছে।
স্মরণকালের ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শুক্রবার বিকাল পর্যন্ত ১১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৭৪৪ ঘ.
bdnews24