ঢাকা, ০৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারামারি লেগেছে মনে করে দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করে দিয়েছিলো তারা। বন্ধ দোকানেই তাদের জীবন প্রদীপ নিভে গেছে।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানির ছয় কারিগর নিমতলীর অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে পুড়ে মারা যায়। ছয় জনের বাড়িই হবিগঞ্জে।
দমকল বাহিনী বৃহস্পতিবার রাতে ৫৫ নবাব কাটরা ছোট বাকরখানি দোকান থেকে তাদের লাশ উদ্ধার করে।
মিটফোর্ড হাসপাতালের মর্গে এসে লাশ সনাক্ত করেন হবিগঞ্জের লাখাই উপজেলার চেয়ারম্যান রফিক আহমেদ। তিনি একটি প্রশিক্ষনে অংশ নিয়ে ঢাকায় অবস্থান করছেন। হবিগঞ্জের লোক পুড়ে মারা গেছে এই খবর লোকমুখে শুনে তিনি হাসপাতালের মর্গে ছুটে যান।
এই ছয় বাকরখানি কারিগর হচ্ছে সালেক (৩২) গাজী রহমান (২৮), রিপন (১২), স্বপন (১২), লাউস (১৭) ও বরজু (১৭)।
হাসান নামে নবাব কাটরার এক ব্যবসায়ী হাসাপাতাল মর্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালেক এই দোকানটি ভাড়া নিয়ে সুন্দর করে সাজিয়ে প্রায় একমাস আগে ব্যবসা শুরু করেন। নিজ গ্রাম হবিগঞ্জের লাখাইয়ের ভাদিকারা থেকে তিনি নিয়ে এসেছিলেন এই ছয় কারিগরকে।
হাসান জানান, তিনি সালেকের দোকানের পাশের এক লোকের কাছে শুনেছেন আগুন লাগার সময় চারদিকে হৈচৈ শুরু হলে এই ছয় জন মারামারি লেগেছে মনে করে ভেতর থেকে দোকানের শাটার বন্ধ করে দেয়। দোকানের ভেতরেই তাদের করুণ মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৩২৩ ঘ.
bdnews24