২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দৃষ্টান্ত স্থাপন করতে চাই: সিইসি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনের কোনো এজেন্ডা নেই বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনের কোনো এজেন্ডা নেই বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। শুক্রবার দুপুরে নগরীর মুসলিম হলে নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিইসি চট্টগ্রামে একটি সুষ্ঠু নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে চান উল্লেখ করে বলেন, "জনগণ যাকে চায় তিনি যেন নির্বাচিত হয়ে আসেন এটাই আমাদের প্রত্যাশা।" তিনি বলেন, "সিটি কর্পোরেশন নির্বাচন নির্দলীয় হলেও তা অরাজনৈতিক নয়। অনেক ক্ষেত্রে প্রার্থীদের আচরণের কারণে নির্বাচন সুন্দর হয় না। নির্বাচন পরবর্তী সহিংসতার জন্যও প্রার্থীরাই দায়ী।" সিইসি সুন্দর নির্বাচনের জন্য প্রার্থীদের আচরনবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। সভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচনে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দলীয় লোকদের নিয়োগের পাঁয়তারা চলছে। কোন কোন ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বিতর্কিত ভূমিকা পালন করছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। আমীর খসরু এ ব্যাপারে নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করে ভারপ্রাপ্ত মেয়র পদে দলীয় লোক নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে সিইসি বলেন, শনি ও রোববার নির্বাচনী কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে কারও বিরুদ্ধে আপত্তি থাকলে তাদের প্রত্যাহার করা হবে। ভারপ্রাপ্ত মেয়র নিয়ে আপত্তি প্রসঙ্গে সিইসি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী তিনি প্যানেল মেয়র হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন। এতে আইনের কোন অসঙ্গতি নেই। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন। এছাড়া প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হয়-এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করে শামসুল হুদা বলেন, চট্টগ্রাম অনেক ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার মধ্য দিয়ে আমরা চট্টগ্রামে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তিনি প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় এই এলাকার ঐতিহ্যবাহী মেজবানসহ বিভিন্ন ভোজসভা থেকে বিরত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। তবে তিনি কোন বক্তব্য রাখেন নি। মনজুর আলম উপস্থিত থাকা সত্ত্বেও আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য দানের ব্যাপারে আপত্তি জানান মহিউদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ইসহাক মিয়া। তবে সিইসি আমীর খসরুকে বক্তব্য দানের অনুমতি দেন। মতবিনিময় শেষে মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি সকল নির্বাচনী আচরণ বিধি মেনে এ অনুষ্ঠানে এসেছি। সে কারণে কথা বাড়িয়ে সময় নষ্ট করিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা জেসমিন টুলী, চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমদ, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়াসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে শামসুল হুদা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন দাবি করে তিনি বলেন, প্রার্থীরা আচরণ বিধিমালা মেনে চলছে কি না তা পর্যবেক্ষণ করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নিয়ে ৪১টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর বাইরে ১২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ১২টি ভ্রাম্যমাণ আদালত আলাদাভাবে কাজ করবে। সিইসি বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ডের পাশাপাশি ৯ জুন থেকে ১৮ জুন দুই কোম্পানি বিডিআর, ১৪-১৮জুন পর্যন্ত ৬ কোম্পানি সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া ভোটের দিন নির্বাচন কমিশনের ৪১ জন প্রথম শ্রেনীর কর্মকর্তা ৪১টি ওয়ার্ডে ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রে কোন গোলযোগ হলে তাৎক্ষণিকভাবে তারা ভোটগ্রহণ বন্ধের জন্য কমিশনকে সুপারিশ করতে পারবেন। অপরদিকে প্রতিটি ভোট কেন্দ্রে ২০ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ম্যাজিষ্ট্রেটের নির্দেশে তারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে বলে তিনি জানান। এছাড়া নির্বাচন কমিশনার উপস্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৭৫৫ঘ.