ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার আগুনে নিহতদের স্মরণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
এছাড়া দিবসটি উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে শোভাযাত্রার কর্মসূচি থাকলেও তা হয়নি।
পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বিকাল ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা ছিলো।
তিনি আরো জানান, পুরান ঢাকায় আগুনে ব্যাপক প্রাণহানি হওয়ায় শুক্রবার বিকালের শোভাযাত্রা বাতিল করা হয়। শোভাযাত্রার জন্য পাঁচ হাজার প্যাকেট খাবারের ব্যবস্থা করা হয়েছিলো। সেগুলো অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবার এবং ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটসহ সব ইউনিটের দুঃস্থ রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
আগুনে ব্যাপক প্রাণহানির ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দমকল কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে ট্রান্সফরমার ফেটে ওই আগুনের সূত্রাপাত।
স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে শুক্রবার বিকালে বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক।
এর আগে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী ওই আগ্নিকাণ্ডে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর এ ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এজে/এইচএ/১৮১৬ ঘ.
bdnews24