নোয়াখালী, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভয় আর পরিবেশের নানা মাত্রিক দূষণে মানুষ অতিষ্ঠ বলে মনে করেন মহাত্মাগান্ধীর নাতনি তারা গান্ধী।
তিনি বলেন, "করুণা, ভালোবাস ও ক্ষমা দিয়ে এ সব জয় করতে হবে।"
বৃহস্পতিবার রাতে নোয়াখালী শহরের বিআরডিবি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারা গান্ধী এ কথা বলেন।
তারা গান্ধীর নোয়াখালী আগমন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট।
দিল্লির গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির ভাইস চেয়ারপার্সন তারা নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করেন।
তিনি বলেন, "গান্ধীর আদর্শের প্রতি এখানকার মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত।"
কোন একটি নির্দিষ্ট এলাকায় নয়, পুরো দেশে গান্ধী সংস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা।
ঝর্ণাধারা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ফজলে এলাহী, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউছুফ, শিক্ষাবিদ বাসনা সেন গুপ্তা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24