ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানির রাইন ওয়াল ইউনিভার্সিটি অব এ্যাপ্লাইড সায়েন্সেস-এর সাথে ছাত্র, শিক্ষক, গবেষক ও বিজ্ঞানী বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং রাইন ওয়াল ইউনিভার্সিটি অব এ্যাপ্লাইড সায়েন্সেস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. মেরি লুইস ক্লজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন।
বাংলাদেশে নিযুক্ত জার্মানীর রাষ্ট্রদূত হলগার মিকাইল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের জানান, এ চুক্তির অধীনে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র, শিক্ষক, গবেষক ও বিজ্ঞানী বিনিময় হবে। শিক্ষার্থীরা বিভিন্ন সেমিস্টার ও কোর্স পড়তে ওই বিশ্ববিদ্যালয়ে যাবে। শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীরা পরস্পরের ক্যাম্পাসে একাডেমিক ও গবেষণা কাজের সুযোগ পাবে।
জার্মান রাষ্ট্রদূত মিকাইল জানান, গত দু'বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার্থে জার্মানি গেছেন। এ চুক্তির মাধ্যমে এ সংখ্যা বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৩৩ঘ.
bdnews24