২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা চেষ্টার মামলায় মিলন একদিনের রিমান্ডে

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে হত্যা চেষ্টার মামলায় পুলিশ হেফাজতে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 11:37 AM

চাঁদপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে হত্যা চেষ্টার মামলায় পুলিশ হেফাজতে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার চাঁদপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালত এই অনুমতি দেয়। জিজ্ঞাসাবাদের সময় মিলনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন না করার নির্দেশ দিয়েছেন হাকিম আবদুর রহমান। নির্দেশ মানা না হলে আদালত অবমাননার অভিযোগে পুলিশের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হবে বলেও সতর্ক করে দিয়েছে আদালত। কচুয়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীরের করা গাড়ি ভাংচুরের মামলায় মিলন বর্তমানে কারাগারে আছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে এ আসনে আলমগীরের কাছে পরাজিত হন বিএনপি নেতা মিলন। গত ৬ মে মিলনসহ সাতজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ঘর-বাড়ি ভাংচুরের মামলাটি করেন কচুয়া উপজেলার সাচার এলাকার মজিবুর রহমান। এ মামলায় ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য ২০ মে আদালতে আবেদন জানায় পুলিশ। বৃহস্পতিবার আবেদনের শুনানির দিন ধার্য ছিল। মিলনের আইনজীবী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সালের ১৪ সেপ্টেম্বর সাচার বাজারে মিলনসহ তার লোকজন বাদির প্রাণনাশের চেষ্টা চালায়। এরপর ওই বছরের ৩ অক্টোবর সাচার এলাকায় তার বাড়ি-ঘরও জ্বালিয়ে দেয় মিলন। কামরুল ইসলাম দাবি করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। এর আগে দুপুর ২টার দিকে আদালত এলাকায় বিএনপির কয়েকশ নেতা-কর্মী মিলনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করে। মিলনকে আদালতে আনার পর তারা নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ওসি কাজী আব্দুল কাইয়ুম জানান, সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি। ওসি জানান, হামলায় জড়িত অভিযোগে বিএনপির ১৬ কর্মীকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কচুয়া উপজেলার ৯ নম্বর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মামুন (৩০), একই উপজেলার সফিবাদ এলাকার মনির (৩৫), গোবিন্দপুর গ্রামের জহিরুল হক (৩৮), পালথুরি গ্রামের হারুন (৩০), কোয়া গ্রামের হাবিব (৩০) ও আবুল খায়ের (২২), শহরের রহমতপুরের সোহেল (২৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২০ ঘ.