ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর ফার্মগেটে গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে ট্যাক্সি চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিন ট্রাফিক পুলিশকে আদালতে তলব করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।
গত ১৪ মে দৈনিক যুগান্তর পত্রিকায় 'রাজধানীতে গাড়ি রিকুইজিশন নিয়ে পুলিশ ক্যাব-চালক সংঘর্ষ: গ্রেফতার ৮' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মানবাধিকার সংগঠনটি গত ২৫ মে জনস্বার্থ রিট আবেদন করে। পত্রিকার প্রতিবেদনে যে তিন পুলিশের ছবি ছাপা হয়েছে তাদের ও ট্যাক্সি চালকের নাম ঠিকানা আদালতে জমা দিতে ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
বৃহস্পতিবার ঢাকার পুলিশ কমিশনার এই তিন পুলিশের নাম ঠিকানা আদালতে দাখিল করে।
তারা হলো ফার্মগেট পুলিশ বক্সের পুলিশ কনস্টেবল কবির হোসেন, আবদুল মালেক ও তেজগাঁও পুলিশ বক্সের ট্রাফিক পুলিশ মো. আশরাফউদ্দিন।
এই তিন পুলিশকে হাইকোর্ট আগামী ৭ জুন সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
রিট আবেদনকারী পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজলি মোরশেদ।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কেএমএস/১৬২৫ঘ.
bdnews24