ঠাকুরগাঁও, জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সরকারি কলেজে সকালের একটি সংঘর্ষের জেরে ছাত্রলীগকর্মীরা বুধবার রাতে শহরে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। পুলিশ আরো চারজনকে গ্রেপ্তার করেছে। এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো নয়-এ।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৯টায় ছাত্রলীগ কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় বিএনপি অফিসের আসবাবপত্র, দুইটি মোটরসাইকেল ভাংচুর ও একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপও হয়।
পরে পুলিশ এসে চারজনকে গ্রেপ্তার করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে দুপুরে ঠাকুরগাঁও সরকারি করেছে দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একপক্ষে ছাত্রলীগ এবং আরেকপক্ষে ছাত্রদলর সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওই সময় আহত ১০ জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে পুলিশ ছাত্রদলের পাঁচজনকে গ্রেপ্তার করেছিল।
ঠাকুরগাঁও সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মহসীন একই শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করত প্রয়ই। ছাত্রীটি ঘটনাটি সহপাঠীদের জানালে সোহাগ নামে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে মহসীনের কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়।
সদর থারার ওসি ফিরোজ খান জানান, রাতের ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৯ ঘ.
bdnews24