ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
এতে ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ জুনই এই নির্বাচন হতে পারবে বলে দাবি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ম. মোজাম্মেল হোসেন সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
এই সময়ের মধ্যে সরকারকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করতে নির্দেশ দেওয়াও হয়েছে।
হাইকোর্টের রায় স্থগিতের আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
১৭ এপ্রিল মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে জেলা ও উপজেলা নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন দুই মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন ও ইউনূস।
২৬ মে হাইকোর্ট জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে রায় দেয়।
এ কারণে কেন্দ্রীয় নির্বাচন নিয়ে কোনো সমস্যা না থাকলেও অনিশ্চিত হয়ে পড়েছিল জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এসএএ/এমএসবি/১৬৪৯ ঘ.
bdnews24