ফেনী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী সদর উপজেলার ফতেহপুরে বুধবার স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে এক প্রকৌশলীসহ দু'জন অগ্নিদগ্ধ হয়েছে।
প্রকৌশলী আমিন খান (২৫) ও পাম্প কর্মী মোঃ এনায়েত উল্লা লিটনকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ফেনী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফিলিং স্টেশনের দুই নম্বর ইউনিটের মেশিন রুমে আগুন লাগে।"
দমকল কর্মী, এলাকাবাসী, পুলিশ ও পাম্প কর্মীরা প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পাম্পের ম্যানেজার বিপুল শর্মা জানান, ঘটনার পর থেকে পাম্পের তিনটি ইউনিট বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৫৪৫ ঘ.
bdnews24