কুষ্টিয়া, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে বুধবার বাবু বিশ্বাস (৩০) নামের এক চৌকিদারের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল।
উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার ছিলেন বাবু বিশ্বাস (৩০)। তিনি গাছেরদিয়াড় গ্রামের সুরত আলীর ছেলে।
পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার গভীর রাতে ৭-৮ সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে বাবুকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সকালে পাশের মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাকে জবাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। ময়না তদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, হত্যার কারণ জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ধরা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৬০৮ ঘ.
bdnews24