ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- দৈনিক আমার দেশ এর প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার বিকালে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি একই সঙ্গে পত্রিকাটির ডিক্লারেশন পুনর্বহাল ও ভারপ্রাপ্ত সম্পাদকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বুধবার ভোররাতে বিএনপি সমর্থক দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে মঙ্গলবার রাতে পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল এবং এর প্রেস সিলগালা করা হয়।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্র্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে দেলোয়ার বলেন, "সরকারের দুর্নীতি, অপশাসন ও ব্যর্থতার সংবাদ এই পত্রিকাটিতে প্রকাশ হওয়া সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে এরকম হীন কর্মকাণ্ড করেছে। এভাবে দমন নীতির মাধ্যমে তারা দেশে নিয়ন্ত্রিত সংবাদপত্র চালু রাখতে চায়।"
সরকার দেশের সব সংবাদপত্রকে নিজেদের নিয়ন্ত্রণে আনার নীল নকশার পরিকল্পনা করছে অভিযোগ তুলে তিনি বলেন, "এর মাধ্যমে তারা দেশে একটি ভয়ঙ্কর পবিরেশ সৃষ্টি করতে চায়।"
"এই সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না। অতীতেও তারা দেশে চারটি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিলো", যোগ করেন বিএনপি মহাসচিব।
এ সময় তিনি মাহমুদুর রহমানের গ্রেপ্তার প্রক্রিয়ারও কঠোর সমালোচনা করেন।
সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল হালিম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৪২৪ ঘ.
bdnews24