ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি বাড়ি দখলের চেষ্টার সময় গোলাগুলিতে একজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ মো. সাব্বিরকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিজেকে বুলু গ্র"প অব কোম্পানী নামের একটি প্রতিষ্ঠানের কর্মী দাবী করে সাব্বির হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাঁচ ছয় জন সন্ত্রাসী ৬২ পুরানা পল্টনে কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি করে। তিনি পায়ে গুলিবিদ্ধ হন।
পল্টন থানার উপ-পরিদর্শক শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরানা পল্টনের এই বাড়িটির মালিকানা নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। যে পক্ষটি এটি দখলে রেখেছে সন্ধ্যায় কয়েকজন তাদের অফিসে ঢুকে দখল করার চেষ্টা করে। তখন সংঘর্ষ বেঁধে যায়। আনসার সদস্যরা সেখান থেকে জসীম (২৯) ও বাহার (৩০) নামের দুজনকে আটক করেছে।"
একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি তারা শুনেছেন তবে নিশ্চিত হতে পারেননি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/ কেএমএস/২৩৫৯ঘ.
bdnews24