২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুজাহিদরা বাতাসে উড়িয়ে দিলেও যুদ্ধাপরাধের বিচার হবে'

যুদ্ধাপরাধ বিচারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 05:08 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

মুন্সীগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধ বিচারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, "মুজাহিদরা যতই বাতাসে উড়িয়ে দেওয়ার কথা বলুক যুদ্ধাপরাধীদের বিচার হবেই। তারা শত অপচেষ্টা চালিয়েও বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর ঠেকাতে পারেনি।" মঙ্গলবার বিকালে গজারিয়া উপজেলার ভবেরচরে শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমান জাহাঙ্গীরের নামে সড়কের নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আগেরদিন রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাংবাদিকদের বলেন, একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে বর্তমান সরকারের উদ্যোগ 'বাতাসে উড়ে যাবে'। স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ বিরোধিতাকারী দলটির নেতা মুজাহিদ দাবি করেন, যুদ্ধাপরাধ বিচারের ইস্যুতে জনগণের কোনো সমর্থন নেই। এটি দেশি-বিদেশিদের নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বাকি খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানো হবে। তিনি আরো বলেন, "জঙ্গিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ ও টেন্ডারবাজ জীবন দিয়ে হলেও বাংলার মাটি থেকে উচ্ছেদ করবোই।" বিরোধীদল বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন এই হরতাল আহ্বান করা হলো জাতি জানতে চায়? গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- শহীদ জাহাঙ্গীরের সহোদর বোন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, জেলা প্রশাসক মো. আজিজুল আলম প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জাহাঙ্গীর নামে সড়কটির আনুষ্ঠানিক নামকরণ করেন। ভবেরচর ঈদগাহ থেকে ভবেবরচর বাজার মসজিদ পর্যন্ত এই সড়কটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ। মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার পাকিস্তানিরা ওই এলাকায় হামলার পরিকল্পনা করে। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধার হানাদারদের প্রতিরোধে ভবেরচর ঈদগাহ মাঠের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেতু ভেঙ্গে দেয়। ওই অভিযানের শেষ মুহূর্তে হানাদার বাহিনীর গুলিতে আহত হন জাহাঙ্গীর। পরে তাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিনিধি/এমএসবি/২৩০০ ঘ.