২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির বদলে কারাবাস, ফিরেছে ৩৯ বাংলাদেশি

লাইবেরিয়ায় লোভনীয় চাকুরীর বদলে কারাবাস শেষে ৩৯ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 04:55 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইবেরিয়ায় লোভনীয় চাকুরীর বদলে কারাবাস শেষে ৩৯ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরে এসেছে। বিমানবন্দরের অভিবাসন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকে পড়া ৩৯ জন বাংলাদেশির সবাই ফিরে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রিক্রুটিং এজেন্সিগুলোর সমিতি বায়রা এবং জনশক্তি নিয়োগ ও প্রশিক্ষণ ব্যুরো তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যয় বহন করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মুন্সিগঞ্জের নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদম ব্যবসায়ীরা আমাদেরকে বিনামূল্যে থাকা খাওয়াসহ প্রতিমাসে ৪৫০ মার্কিন ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত বেতনে চাকুরি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিলো।" তিনি আরো জানান, রিক্রুটিং এজেন্সিগুলো লাইবেরিয়ায় একটি নরওয়ের কোম্পানিতে চাকুরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২ লাখ ৭০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছে। নাসির গত ৩০ জানুয়ারি ৩৮ বাংলাদেশির সঙ্গে লাইবেরিয়ায় পাড়ি জমান। তিনি বলেন, "আদম ব্যবসায়ীরা লাইবেরিয়ায় নিয়ে গিয়ে আমাদের ছেড়ে দেয়।" তিনি আরো বলেন, "লোভনীয় চাকুরির বদলে আমরা তিন মাস জেলে কাটাই।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) সাইদা মুনা তাসনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইবেরিয়ার বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিসিএস/কেএমএস/২২৩৬ঘ.