২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ই-ভোট মহড়া ১১ ও ১২ জুন

নির্বাচনের আগে চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) ই-ভোট মহড়া চলবে ১১ জুন ও ১২ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগে চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) ই-ভোট মহড়া চলবে ১১ জুন ও ১২ জুন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি ইন্সটিটিউটের (আইআইসিটি) পরিচালক অধ্যাপক এস এম লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। নির্বাচন কমিশনকে এ কাজে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ, ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটারদের মহড়াসহ কারিগরি সহায়তা দেবে আইআইসিটি। ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ই-ভোট চালু হবে চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে। এ ওয়ার্ডে ২৫ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে পুরুষ ১২ হাজার ৮৭৯ এবং মহিলা ১২ হাজার ৩৫১ জন। সিসিসি'র ২১ নম্বর ওয়ার্ডে ১৪ টি ভোটকেন্দ্রে ৭৯টি ভোটকক্ষ থাকবে। এজন্যে ১৪ জন প্রিজাইডিং অফিসার, ৭৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৫৮ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (পৌর) মো. আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২১ নম্বর ওয়ার্ডে ইভিএম ব্যবহারের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী ১১ ও ১২ জুন প্রতিদিন দুটি সেশনে প্রতিটি ভোটকেন্দ্রেই ভোটের মহড়া চলবে।" মঙ্গলবার বুয়েট কর্তৃপক্ষের কাছ থেকে ১৩০টি ইভিএম বুঝে নিয়েছে ইসি। এর মধ্যে আটটি ইভিএম প্রশিক্ষণের জন্য সাজানো প্রার্থী ও প্রতীকসহ যুক্ত করে প্রশিক্ষণ উপযোগী করা হয়েছে। ৭৯টি ভোটকক্ষের জন্য ৭৯টি এবং প্রতি ভোটকেন্দ্রের জন্য অতিরিক্ত একটি হিসেবে ১৪টিসহ ৯৩টি ইভিএম-এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক যুক্ত করা হবে ৪ ও ৫ জুন। বাকি ২৯টি কার্যক্ষম অবস্থায় ইসির কাছে সংরক্ষিত থাকবে। কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য আটটি ব্যবহার হবে। ভোটের মহড়া বিষয়ে ৪ থেকে ৯ জুন মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চালানোর ব্যবস্থা নেবে রিটার্নিং কর্মকর্তা। অধ্যাপক এস এম লুৎফুল কবীর জানান, ওয়ার্ডের প্রার্থী ও তাদের এজেন্টদের (মেয়রসহ) পাওয়ার পয়েন্টে প্রদর্শণ করা হবে ৯ জুন। বুয়েট কর্তৃপক্ষ ভোটগ্রহণ কর্মকর্তাদের ১০ জুন প্রশিক্ষণ দেবেন। এরপর দুদিন ১৪টি ভোটকেন্দ্রে ভোটের মহড়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২১৪৪ঘ.