গাজীপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে আইনজীবী সোহেলুর রহমান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) এদের গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত দু'টি বিদেশি চাকুসহ নিহত আইনজীবীর মোবাইল ফোন ও মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিলন খান (২০), আমির হোসেন ওরফে বাবু (২৪), আনোয়ার হোসেন (২৭), আশরাফুল ইসলাম ওরফে ইরাক (২৪) ও মো. সবুজ (২৪)।
তাদেরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন বণিক।
তিনি সাংবাদিকদের জানান, সোমবার রাত ১০টার দিকে প্রথমে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকা থেকে ইরাককে গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুর সদরের কাথোরা গ্রামের বাড়ি থেকে আইনজীবীর মটর সাইকেলসহ বাবুকে, একই গ্রাম থেকে মিলন, ইটাহাটা গ্রাম থেকে মোবাইল ফোন সেটসহ সবুজ, কালিয়াকৈরের বারিয়াহ গ্রাম থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
২৬ মে রাতে সদর উপজেলার কাথোরা এলাকার একটি কবরস্থানের কাছে খুন হন গাজীপুর জজ আদালতের তরুণ আইনজীবী সোহেলুর রহমান ওরফে সোহেল। পরদিন পুলিশ তার জবাই করা লাশ উদ্ধার করে।
এসআই মদন মোহন জানান, হত্যাকাণ্ডের পরদিন চাকু দু'টি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন- চাকু দু'টি শুধু সোহেলকে খুনের উদ্দেশ্যেই আগেরদিন জয়দেবপুর থেকে কেনা হয়েছিল।
ঘটনার দিন বিকালে আদালত পাড়া থেকে মিলন ও তার এক বন্ধুর সঙ্গে মটরসাইকেলে করে সোহেল তার গ্রামের বাড়ি সদর উপজেলার হাতিয়াবে যান। তাদের সঙ্গেই সোহেল আবার বাড়ি থেকে বের হন।
হত্যাকাণ্ডে ১০-১২ জন অংশ নেয়। অন্যদের সহযোগিতায় মিলনই হত্যাকাণ্ড শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24