গাইবান্ধা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার গোবিন্দগঞ্জে মঙ্গলবার এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এর প্রতিবাদে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা দুইঘণ্টা কর্মবিরতি পালন করেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া বাঁধটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পিআইও আবুল কালাম আজাদ বাঁধটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।
এ সময় বাঁধের নির্মাণ প্রকল্প নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে লতিফ ক্ষিপ্ত হয়ে আজাদকে মারধর করেন।
এই খবর উপজেলা পরিষদে এসে পৌঁছলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
এ ব্যাপারে আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি পিআইওকে মারধর করেননি।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১৯ ঘ.
bdnews24