ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাতটি ফৌজদারি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে তাকে আগামী আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
আদালত এই সময়ের মধ্যে শাহ আলমকে এসব মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চে হাজির হয়ে শাহ আলম আগাম জামিনের আবেদন জানান। আদালত তাকে আগাম জামিন না দিয়ে আত্মসমর্পণের এই নির্দেশ দেয়।
অবৈধভাবে জমি ভরাট, ভয়ভীতি প্রদর্শন, প্লট হস্তান্তরে প্রতারণা ও সাব্বির হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
অবৈধভাবে মাটি ভরাট করে জমি দখলের প্রতিবাদ করায় ভাঙচুর ও হামলার অভিযোগে ২০০৬ সালের ১৭ নভেম্বর রতন চন্দ্র সরকার বাড্ডা থানায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন।
জমির সীমানা পিলার চুরি ও উচ্ছেদের জন্য মাটি ভরাটের অভিযোগ এনে ২০০৭ সালের ২৪ ফেব্র"য়ারি বাড্ডা থানায় শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন কাজী সারোয়ার হোসেন। একই তারিখে একই থানায় একই অভিযোগে আরেকটি মামলা করেন হাজেরা পারভীন।
প্লট হস্তান্তর না করার অভিযোগে ২০০৭ সালের ১৮ মার্চ বাড্ডা থানায় তার বিরুদ্ধে মামলা করেন এম এ মালেক।
২০০৭ সালের ২৪ এপ্রিল জমি দখল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা করেন গাজী ওবায়দুল কবির।
খালসহ জলাশয় দখলের অভিযোগে ২০০৭ সালের ৭ জুন মামলা করেন ডিবির পরিদর্শক সালাউদ্দিন।
সাব্বির হত্যা ধামাচাপা দিতে ঘুষ প্রদানের অভিযোগ এনে সিআইডির পুলিশ সুপার আরমান আলী মামলা করেন ২০০৮ সালের ৮ মে।
শাহ আলমের জামিনের আবেদন পরিচালনা করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯৫৫ঘ.
bdnews24