২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ'র বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুলের মামলা

আমার দেশ এর বিরুদ্ধে মানহানির মামলার আরজি নিয়ে আদালতে গেছেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমার দেশ এর বিরুদ্ধে মানহানির মামলার আরজি নিয়ে আদালতে গেছেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। পত্রিকাটিকে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই হিসেবে রোববার মোরশেদুল এ আরজি দাখিল করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা ওই আরজিতে মোরশেদুল আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক মো. হাশমত আলী এবং প্রতিবেদক এমএ নোমান ও রাকিব হোসেনকে আসামি করেছেন। রোববারই এর ওপর শুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মোরশেদুলের আইনজীবী খন্দকার মো. গোলাম কিবরিয়া। আরজিতে বলা হয়েছে, গত ২৭ এবং ২৮ মে তারিখে আমার দেশ এ প্রকাশিত প্রতিবেদনে কামরুল ইসলামসহ তার পরিবারকে রাজাকার পরিবার বলায় ভাই হিসেবে বাদির নিজেরও মানহানি হয়েছে। কামরুল ১৯৭১ সালে ভারতের দেরাদুন মিলিটারি একাডেমিতে বাংলাদেশ লিবারেশন ফোর্সের প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন বলে মোরশেদুল জানান। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত মোরশেদুলের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আগামী, সূচনা, চাকা, দুখাই, দীপু নাম্বার টু ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩১৫ ঘ.