২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর সদর উপজেলায় দুটি গ্রামের সরকার সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

মাদারীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর সদর উপজেলায় দুটি গ্রামের সরকার সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। সোমবার দুপুরে উপজেলার পেয়ারপুর ও বড়াইলবাড়ি গ্রামের ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দল সমর্থকের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত নুরুন্নবী হাওলাদার (২৫) পেয়ারপুর গ্রামের আক্কাস হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে আছেন- সজীব বেপারী (২২), সিরাজ চৌকিদার (৪৫), সাহেব আলী হাওলাদার (৩৫), আলাউদ্দিন জমাদার (২৫), পলাশ মাতুব্বর (২৪) ও রায়হান জমাদাদ। তাদের মাদারীপুর সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ সমর্থক পেয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজলেম আকন ও বড়াইলবাড়ি গ্রামের আওয়ামী লীগ সমর্থক মজিবর খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুর দেড়টার দিকে মজিবরের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে মজলেমের বাড়িঘর ভাংচুর করে। এক পর্যায়ে দুপক্ষের মধ্য সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় দুই পক্ষের ১২ টি ঘর ভাংচুর হয়। এ সময় লুটপাটের অভিযোগও পাওয়া গেছে বলে ওসি জানান। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫৮ ঘ.