খুলনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী সিরিজ বোমা হামলার মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যের সাতবছর কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।
এ ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে। অন্যথায় আরো ছয়মাস করে সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সেকান্দার আলী এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জেএমবি'র সাত সদস্য হলেন- মাহবুবুর রহমান লিটন, সহিদুল্লাহ ওরফে লোকমান, আসাদুল ইসলাম ওরফে আসাদ, তানভির হোসেন ওরফে তানভির, রুহুল কুদ্দুস ওরফে খালিদ হাসান পিন্টু, সাইফুল ইসলাম ও হাফেজ মাহমুদ ওরফে সুমন।
২০০৫ সালের ১৭ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় তিন শিশু আহত হয়। ওই ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা হয়েছিল।
একই আদালত সাতক্ষীরার একটি ডাকাতি ও হত্যা মাসলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাদের প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে।
এই মামলায় আরো ছয়জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।
এরমধ্যে ডাকাতির অভিযোগে পাঁচজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার একমাত্র মহিলা আসামি জোবেদা খাতুনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস সশ্রম কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
সব আসামির নাম পাওয়া যায়নি।
২০০৮ সালের ৭ অক্টোবর রাতে সাতক্ষীরা সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলামের বাড়িতে ডাকাতি শেষে ডাকাতরা আরিফুলকে ধরে নিয়ে যায়। পরে বাড়ির অদূরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফরিদ আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24