ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে জাতির ৩৯ বছরের ক্ষত দূর হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বজায় রেখে এ বিচার হবে।
উগান্ডার কাম্পালায় সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত রোম সংবিধির পর্যালোচনা সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলন সোমবার শুরু হয় এবং ১১ জুন পর্যন্ত চলবে। সম্মেলনে ১১১টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানান।
শফিক আহমেদ বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়মুিক্তর সংস্কৃতির ইতি ঘটাতে বাংলাদেশ সরকার প্রতিশ্র"তিবদ্ধ। নির্বাচনী ইশতেহার ও জনগণের দাবি পূরণে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে।"
তিনি আরও বলেন, "এ উদ্যোগে অপরাধের শিকার ব্যক্তিরা বিচার পাবে। একই সঙ্গে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।"
আইসিসির রোম সংবিধি গ্রহণের পক্ষে ভোটদাতা ১২০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে রোম সংবিধিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ রোম সংবিধি স্বাক্ষরকারী তৃতীয় এশীয় দেশ এবং প্রথম দক্ষিণ এশীয় দেশ। গত মার্চে বাংলাদেশ রোম সংবিধি অনুস্বাক্ষর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৮৫০ঘ.
bdnews24