২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

ফেইসবুক বন্ধের প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকশ' শিক্ষার্থী বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 10:33 AM

Updated : 25 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেইসবুক বন্ধের প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকশ' শিক্ষার্থী বিক্ষোভ করেছে। শনিবার সামাজিক যোগাযোগের জনপ্রিয় এ ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেয় সরকার। এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে অভিহিত করে সরকার 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার অঙ্গীকার ভঙ্গ করেছে বলে মনে করে বিক্ষোভকারীর। তারা বলছে, সরকারের এ পদক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অজুহাত দেখিয়ে ফেইসবুক স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো মৌলবাদী ইসলামি দলগুলোকে উৎসাহিত করবে বলেও মনে করছে তরুণ-তরুণীরা। শুক্রবার মুক্তাঙ্গনে এক সমাবেশে ইসলামি আন্দোলন, ইসলামি ঐক্যজোট ও খেলাফত আন্দোলনসহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক দল সাইটটি বন্ধের দাবি জানায়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় র‌্যাবের অনুরোধে তারা সাময়িকভাবে ওয়েবসাইটটি বন্ধ করে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যঙ্গাত্মক চিত্র ফেইসবুকে প্রকাশের অভিযোগে র‌্যাব শনিবার সকালে রাজধানীতে এক যুবককে গ্রেপ্তার করে। বিশ্বে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটির বেশি এবং বাংলাদেশে এ সংখ্যা প্রায় ১০ লাখের মতো। দেশে তথ্যপ্রযুক্তি প্রসারের উদ্যোগের প্রথম সারির কর্মী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, "তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। বাধা দিলে মানুষ আইন অমান্য করে বিকল্প পথের জন্য আগ্রহী হবে।" শনিবার রাত থেকে হাজার হাজার ফেইসবুক ব্যবহারকারী এ কাজটিই করেছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আওয়াদ ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেইসবুকে ঢোকার জন্যে ইন্টারনেটে একাধিক বিকল্প পথ রয়েছে যার জন্য কোনো টাকা ব্যয় করতে হয় না। ইচ্ছা করলে যে কেউ সে পথগুলো দিয়ে ফেইসবুকে ঢুকতে পারে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মনে করছেন, ওয়েবসাইটটি বন্ধ করে মানুষের এ ধরনের কার্যক্রম ঠেকানো যাবে না। তিনি বলেন, "কোনো একজনের অপকর্মের জন্য সবাই ভোগান্তি পোহাতে পারে না।" বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম জানান, বাংলাদেশে বেশ কয়েকটি সফটওয়্যার ফার্ম ফেইসবুককে সমৃদ্ধ করার কাজ করছে। ফেইসবুক সমৃদ্ধ করার কাজে জড়িত মাহফুজ বিডিনিউজকে বলেন, "জীবিকা নির্বাহের এটা একটা বিশাল ক্ষেত্র। এর মাধ্যমে আমি মাসে ৭০ হাজার টাকাও আয় করেছি।" অনেকেই স্বাধীনভাবে কাজ করে মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা আয় করেন বলে তিনি জানান। তিনি বলেন, "আমি এমন একজনকে জানি যে ফেইসবুক সাইট সমৃদ্ধ করার কাজ করে প্রতি ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচশ' টাকা আয় করে।" কোনো ফার্মের সঙ্গে জড়িত না থেকে স্বাধীনভাবে সাইটটি সমৃদ্ধ করার কাজের সঙ্গে জড়িত লোকের সংখ্যা দুই শতাধিক হবে বলে ধারণা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে একটি সফটওয়্যার ফার্মের মালিক বিডিনিউজকে বলেন, "সাইটটি সমৃদ্ধ করার কাজ করে আমরা মাসে প্রায় ২১ লাখ টাকা আয় করি।" তিনি বলছেন, তাই ফেইসবুক বন্ধ করায় মানুষ কেবল তথ্য জানার অধিকারই হারায়নি। এতে হাতছাড়া হচ্ছে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএইচ/জিএনএ/১১৫৯ ঘ.