ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল ও সমাবেশ করার চেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন এলাকা থেকে জামায়াতে ইসলামীর ৫৫ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
পল্টন ও মতিঝিল থানা পুলিশ সোমবার ভোরে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পল্টন ময়দানে জামায়াতে ইসলামী ও যুবলীগ সমাবেশ ডাকায় ময়দানসহ সংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল সভা-সমাবেশের ওপর গত শনিবার নিষেধাজ্ঞা জারি করে ১৪৪ ধারা জারি করে পুলিশ প্রশাসন।
পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪৪ ধারা ভেঙ্গে মিছিল ও সমাবেশ করার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।"
তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদে ফজরের নামাজ শেষে বেরিয়ে তারা মিছিল নিয়ে পল্টন ময়দানে সমাবেত হওয়ার চেষ্টা করছিলো।
আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা পল্টন থানা হেফাজতে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১২৫১ ঘ.
bdnews24