ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন শুধু নয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সদস্য নিয়োগে আইন থাকা উচিত বলে মত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
রোববার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান নির্বাচন কমিশনারদের এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে সাতটি আলোচ্য বিষয়ের একটি ছিলো 'নির্বাচন কমিশনারদের নিয়োগ-প্রক্রিয়া মেয়াদ ও চাকরির শর্তাবলী।'
দেশে নির্বাচন কমিশন, হাইকোর্ট, সরকারি কর্ম কমিশন ও কম্পট্রোলার অডিটর জেনারেল (সিএজি) সাংবিধানিক প্রতিষ্ঠান।
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কতো সদস্যের হবে, তাদের যোগ্যতা-অযোগ্যতা ও শর্তাবলী কী- তা নির্ধারিত হওয়া উচিত উল্লেখ করে শামসুল হুদা বলেন, "সাংবিধানিক পদের ধরণ-ধারণ নির্ধারিত হওয়া উচিত। সংবিধানে সাংবিধানিক প্রতিষ্ঠানের অধিকর্তা বা সদস্য নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট ধারা থাকলেও তাদের কার্যক্রম ও নিয়োগের সংখ্যা নিয়ে আইন প্রণয়ণের কথাও রয়েছে। এখন পর্যন্ত তা হয় নি।"
সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা নির্ধারিত না থাকলে সরকারের ব্যয় নির্বাহসহ অনেক ধরনের অসুবিধা হয় বলে জানান তিনি।
সার্কভূক্ত দেশগুলোয় সাংবিধানিক প্রতিষ্ঠানের বিষয়ে অনেক বিস্তারিত আইন-বিধি রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে একটি খসড়া আইন (ইলেকশন কমিশনার : মেথড অব রিক্রুটমেন্ট) ইতোমধ্যে তার নেতৃত্বাধীন কমিশন তৈরি করেছে।
সিইসি জানান, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে সংখ্যক নির্বাচন কমিশন গঠন করতে চাইবেন সে সংখ্যক সদস্য নিয়ে ইসি গঠনের কথা বলা রয়েছে। একই সঙ্গে সিইসি ও ইসি নিয়োগে একটি আইন প্রণয়নের কথাও বলা হয়েছে।
তিনি বলেন, "কিন্তু দুর্ভাগ্যজনক হলো, দীর্ঘ ৪০ বছরে কেউই এ ধরনের আইন প্রণয়ন করে নি। এ ধরনের অনিশ্চয়তা থাকা উচিত নয়। ইসির সদস্য ক'জন হবে, যোগ্যতা কী সেসব শর্তাবলী থাকা উচিত। এজন্য আইনের খসড়াও আমরা তৈরি করেছি।"
সার্কভুক্ত দেশগুলোর কমিশনের সঙ্গে আলাপ করে আরো কিছু প্রস্তাবনা যুক্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সিইসি।
তিনি আরও বলেন, "আগামী দুই তিন মাসের মধ্যে নির্বাচন কমিশনার নিয়োগে আইনের খসড়া প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই। তাদের সঙ্গে আলোচনা করেই প্রস্তাবিত আইন সরকারের কাছে পাঠানো হবে।"
আগামী নির্বাচন কমিশন গঠনের আগেই ইসি নিয়োগের এ আইন প্রণয়নের জন্য প্রচেষ্টা করা হচ্ছে বলে জানান সিইসি হুদা।
২০১২ সালের ফেব্র"য়ারিতে তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে।
দেশে এ পর্যন্ত ১০ জন সিইসি ও ১৯ জন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন ইসিতে। এর মধ্যে দুই সদস্যের নির্বাচন কমিশন এবং সর্বোচ্চ আট সদস্যের নির্বাচন কমিশনও ছিল।
এটিএম শামসুল হুদা জানান, বর্তমান ইসি তিন সদস্যের কমিশন গঠনের পক্ষে।
এর আগে গত শনিবার নির্বাচন কমিশনার নিয়োগে একটি গাইড লাইন হওয়া উচিত বলে মত দেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, "নির্বাচন কমিশনার নিয়োগে একটি গাইড লাইন থাকা উচিত। ইসি সরকারের কাছে প্রস্তাব রাখলে আমরা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো।"
বর্তমান সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা করে আসছে জানিয়ে মন্ত্রী বলেন, "আমরাও চাই- সৎ, যোগ্য ব্যক্তি নির্বাচন কমিশনে আসুক। সৎ ও যোগ্য ব্যক্তিত্ব থাকলে ইসি শক্তিশালী হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২০৪০ ঘ.
bdnews24