কিশোরগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, দেশের উন্নয়নে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নিরলস প্রচেষ্টা চালাতে হবে।
রোববার বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচ উপজেলায় এক সংবর্ধনার জবাবে রাষ্ট্রপতি এ কথা বলেন।
কুলিয়ারচর নাগরিক কমিটি এই সংবর্ধনার আয়োজক।
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, "আমার শৈশব ও কৈশোর কেটেছে এই এলাকার আলো-বাতাস ও কাদা-মাটি গায়ে মেখে। এই এলাকার সঙ্গে আমার আত্মা ও হৃদয়ের সম্পর্ক।"
কুলিয়ারচরের উন্নয়নে সম্ভব সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলায় গ্যাস সংযোগ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন ও কুলিয়ারচর-ভৈরব সেতু নির্মাণসহ এলাকাবাসীর বিভিন্ন দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।
কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও কুলিয়ারচর গ্র"পের চেয়ারম্যান মুছা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন- স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, রাষ্ট্রপতির ছেলে স্থানীয় সাংসদ নাজমুল হাসান, কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর প্রমুখ।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কুরিয়ারচরের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, কোন ষড়যন্ত্রই মানবতাবিরোধী অপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না।
কুলিয়ারচর উপজেলার একশ' যুদ্ধাহত, পঙ্গু ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিকাল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান সভাস্থলে আসেন।
দুপুরে হেলিকপ্টারে করে কুলিয়ারচর পৌঁছার পরপর তিনি বিজয় সৌধ উদ্বোধন করেন। জেলা পরিষদের অর্থায়নে ২৮ লাখ টাকা ব্যয়ে বিজয় সৌধটি নির্মিত হয়।
কুলিয়ারচর আসার আগে তিনি ব্রাক্ষণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24