ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে সরকার সমর্থক ছাত্রলীগের এক নেতা খুন হয়েছেন।
জহুরি মহল্লার নির্মাণাধীন একটি বাড়ির ভেতর থেকে রোববার সকালে লাশ উদ্ধার করা হয় বলে বলে মোহাম্মদপুর থানার ওসি মইনুল আক্তার জানিয়েছেন।
নিহত জামালউদ্দিন বাবু মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ কর্মকর্তা মইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে বাবুর লাশ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগ কার্যালয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা ইউনুস ও ফিরোজের স্মরণ সভা হয়। সেখান থেকে বেরিয়ে মধ্যরাতে বাড়ি ফেরার পথে খুন হন বাবু।
হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। ওসি বলেছেন, তারা তদন্ত চালাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/১৪১০ ঘ.
bdnews24