২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃষ্ণা-কৃষ্ণাকে এক নজর দেখতে চান মা

অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা যমজ শিশু তৃষ্ণা ও কৃষ্ণাকে এক নজর দেখতে চান তাদের মা লাভলী মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 05:44 PM

Updated : 25 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা যমজ শিশু তৃষ্ণা ও কৃষ্ণাকে এক নজর দেখতে চান তাদের মা লাভলী মল্লিক। গত বছর ১৭ নভেম্বর মেলবোর্ণ হাসপাতালে প্রায় ২৭ ঘন্টা অস্ত্রোপচারের মাধ্যমে ২ বছর ১১ মাস বয়সী এই শিশু দুটির জোড়া লাগানো দেহ আলাদা করা হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি এতিমখানা থেকে চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন শিশু দুটিকে অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া পাঠায়। শনিবার অস্ট্রেলিয়ার হেরাল্ড সান পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়, লাভলী মল্লিক এক মুহূর্তের জন্য হলেও তার মেয়েদের দেখতে চান। লাভলী মল্লিক টেলিফোনে পত্রিকাটিকে বলেন, "আমি প্রতি মুহূর্তে তাদের অভাব বোধ করি। সব সময়ই তাদের কথা ভাবি। তৃষ্ণা ও কৃষ্ণার সঙ্গে জন্ম নিয়েছে এমন শিশুদের প্রায়ই আমি দেখতে যাই। আমি বোঝার চেষ্টা করি এই মুহূর্তে তৃষ্ণা ও কৃষ্ণা কেমন আছে।" "প্রতি মূহূর্তেই আমি তাদের অনুভব করি এবং কল্পনা করার চেষ্টা করি তারা কিভাবে হাসছে, খেলছে, বেড়ে উঠছে এবং হাঁটছে। আমি তাদের সম্পর্কে একটি চিত্র পাওয়ার চেষ্টা করি।" তিনি বলেন, "এভাবেই আমি সান্ত্বনা পাওয়ার চেষ্টা করি।" চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন বলেছে, তারা মিসেস মল্লিককে শিশু দুটির সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য সব রকম চেষ্টাই করে যাচ্ছে। শিশু দুটির তত্ত্বাবধানকারী ময়রা কেলি জানান, তিনি বিশেষ দিনগুলোতে মিসেস মল্লিকের সঙ্গে কথা বলেছেন। শিশুদের হাসির শব্দ টেলিফোনে তাকে শুনিয়েছেন। তিনি বলেন, "ছোট্ট এই শিশুদের ভালোবাসা থেকে আমরা একত্র হয়েছি। আর এ কারণে আমরা বোন এবং আমাদের এই বন্ধন চিরকাল অটুট থাকবে।" "আমি যখন তাকে বলেছি আমরা দু'জন বোন, তখন আমরা কেঁদে ফেলেছি। আমি তাকে বলেছি, তুমি এই কন্যাদের মা এবং সব সময়ই তুমি তাই থাকবে।" লাভলী মল্লিক বরাবরই জোর দিয়ে বলেছেন, তিনি চান শিশু দুটি যেন অস্ট্রেলিয়াতেই থাকে। এমনকি জানিয়েছেন, তিনি তাদেরকে নিজের কাছে আনতে চান না। তবে কান্না জড়িত কণ্ঠে লাভলী বলেন, "তৃষ্ণার প্রথম হাঁটা শুরু করার মতো মূহুর্তগুলো তিনি দেখতে পাচ্ছেন না।" তিনি বলেন, "এ কারণে আমার অনেক দু:খ। আমি অনেক কষ্ট বয়ে বেড়াচ্ছি।" "আমি অত্যন্ত অসহায় এবং দরিদ্র, কিন্তু সন্তানের প্রতি আমার ভালোবাসা সব মায়ের মতোই। আমি তাদের দেখতে চাই, কোলে নিতে চাই।" চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্গারেট স্মিথ জানান, তিনি শিশু দুটির মায়ের জন্য অত্যন্ত কষ্ট অনুভব করেন। তিনি জানান, শিশু দুটির সঙ্গে দেখা করার জন্য তাদের মা লাভলী মল্লিককে মেলবোর্ন নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, "আমরা তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে চাই। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।" শিশু দুটি ভাল আছে জানিয়ে তিনি বলেন, এখনো তাদের অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হবে। তিনি জানান, তৃষ্ণার বেশ উন্নতি হচ্ছে, সে এখন হাঁটতে পারে, কথা বলতে পারে এবং নিজে নিজে খেতে পারে। তবে তিনি বলেন, "কৃষ্ণা তার চেয়ে একটু পিছিয়ে রয়েছে। তাদের আরো অস্ত্রোপচার প্রয়োজন। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। প্রতিদিনই তাদের একটু একটু উন্নতি দেখতে পাওয়াটা খুবই আনন্দের।" তিনি জানান, চিকিৎসা ভিসায় শিশু দুটিকে আরো প্রায় এক বছর মেলবোর্নে থাকতে হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/কেএমএস/২৩১৯ ঘ.