২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ ও ছাত্রলীগের পাপ দলের সবার: আশরাফ

ছাত্রলীগ ও যুবলীগের পাপের খেসারত আওয়ামী লীগকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

মুন্সীগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও যুবলীগের পাপের খেসারত আওয়ামী লীগকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই দু'টি সংগঠনকে 'পাপের পথ' থেকে ফিরিয়ে আনতে দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান। মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়ন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্বাবধানে উপজেলার রাঢ়ীখালে বিক্রমপুরের জমিদার যদুনাথ রায়ের বাড়িতে দুই কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে যাদুঘরটি নির্মাণ করা হবে। আওয়মী লীগ সাধারণ সম্পাদক বলেন, "ছাত্রলীগ ও যুবলীগ পাপ করলে সেই পাপ দলের সকলের। এর খেসারত আমাদের সবাইকেই দিতে হবে।" ইতিহাস-ঐতিহ্য রক্ষায় জাদুঘরের বিকল্প নেই। আর তাই ঐতিহ্যবাহী জনপদ মুন্সীগঞ্জে বিক্রমপুর জাদুঘর করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিশেষ অতিথির ভাষণে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, "বিক্রমপুরের ইতহাস ধরে রাখবে এই জাদুঘর।" সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- সাংসদ মমতাজ বেগম, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক সুফী মুস্তাফিজুর রহমান, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ-উল-আলম লেনিন, জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু, জেলা প্রশাসক মো.আজিজুল আলম ও সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ। সভাশেষে অগ্রসর বিক্রমপুর শ্রীনগর কেন্দ্রের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের সম্মাননা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/