ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের একটি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হওয়ায় জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় তেলবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে বন্ধ রয়েছে চাঁদপুর-লাকসাম রুটে রেল চলাচলও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার সকাল ১০টার দিকে স্টেশন সংলগ্ন হোম সিগন্যালের কাছে রাজশাহীগামী একটি লোকাল ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহীগামী ৫৬৬ ডাউন লোকাল ট্রেনটি সকাল ১০টায় স্টেশন ছেড়ে যায়। ৫ মিনিট পর ২০০ মিটার দূরে হোম সিগন্যালের কাছে ট্রেনটির পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।
চাঁদপুর প্রতিনিধি জানান, শহরের কালীবাড়ি এলাকায় একটি তেলবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে চাঁদপুর-লাকসাম রুটে সকাল পৌনে ১১টা থেকে রেল চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২৫টি তেলের বগিবাহী ট্রেনটি শনিবার সকাল ৮টায় লাকসাম থেকে ছাড়ে। চাঁদপুরের শহরের কালীবাড়ি এলাকা অতিক্রম করার সময় সকাল ১০টা ৪০ মিনিটে চারটি বগি লাইনচ্যুত হয়। একটি বগি উল্টে যায়।
চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত ট্যাংক স্পেশাল নামের তেলবাহী ট্রেনটি শুক্রবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরের পদ্মা ডিপোর উদ্দেশে ছাড়ে। লাকসামে বিরতি নিয়ে শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়।
তিনি বলেন, ট্রেনটির ২৫টি বগিতেই ডিজেল ও কেরোসিন আছে। যে বগিটি উল্টে গেছে তাতে ৩৪ হাজার ৬৯০ লিটার ডিজেল আছে। বগিগুলো উদ্ধারে লাকসাম থেকে রিলিফ ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে।
মোস্তফা জানান, এ দুর্ঘটনার কারণে চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুদিন সময় লাগতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫১ ঘ.
bdnews24