কক্সবাজার, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফের সেন্টমার্টিন উপকূলে ঝড়ে ডুবে যাওয়া মাছধরা নৌকার আটজন এখনো নিখোঁজ রয়েছেন।
গত বুধবার সাগরে মাছ ধরতে গিয়ে শাহপরীর দ্বীপের কালা মিয়ার এই নৌকা ১১ জেলে ও মাঝিমাল্লাসহ ডুবে যায়। এর মধ্যে তিনজন উপকূলে ফিরে এসেছে।
টেকনাফ থানার ওসি খালেদ চৌধুরী জানান, ডুবে যাওয়া নৌকার ফিরে আসা তিনজন হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা এনায়েত উল্লাহ, মোহাম্মদ শাহ ও মোহাম্মদ কামাল।
নিখোঁজ আটজনের মধ্যে রয়েছেন- একই এলাকার কাশেম মাঝি, আবদুর রহিম, ফজল করিম ও নুর হোসেন। বাকি চারজনের নাম জানা যায়নি।
ফিরে আসা জেলে এনায়েত উল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, তিনদিন ধরে নিখোঁজদের সেন্টমার্টিন উপকূলে খোঁজ নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আটজনের একজনেরও সন্ধান মেলেনি।
এদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।
ডুবে যাওয়া নৌকার মালিক কালা মিয়া সাংবাদিকদের জানান, না ফেরা জেলেদের খোঁজে কয়েকটি নৌকা সাগরে পাঠানো হয়েছে। তবে কোন সুসংবাদ মিলছে না।
তিনিও ওই আট জেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন।
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে ২০ কিলোমিটার পশ্চিমে মৌলভীশীল চ্যানেলে মাছধরা নৌকাটি ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24