বগুড়া, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ রয়েছে।
উপজেলার কালিতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ড নির্মিত গ্রোয়েন সংলগ্ন ঘাটে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- জেলার কাহালু উপজেলার বিবিরপুকুর গ্রামের জাহিদুল ইসলাম ( ২৮) ও তার ছেলে জিহাদ (৫), প্রতিবেশী মকবুল (৪০), সাথিয়া রোজী (২০) ও আজমল (২৫)।
সারিয়াকান্দি থানার ওসি শাহিদার রহমান সাংবাদিকদের জানান, কাহালুর বিবিরপুকুর এলাকার কিছু লোক শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামে আসেন।
তাদের মধ্যে ১৫ জন বিকাল পৌনে ছয়টার দিকে নদীতে ভ্রমণের জন্য সারিয়াকান্দির কালিতলা ঘাটে একটি নৌকায় ওঠেন। নৌকাটি কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড স্রোতে উল্টে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নৌকাটিতে মোট ২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে সমিতা (৩) ও লাল মিয়া (৮০) নামে দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে রাত পৌনে ৯টা পর্যন্ত কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।
রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে আসছেন বলেও ওসি জানান।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ রায় জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য রাজশাহী ফায়ার সার্ভিসে ডুবুরি চাওয়া হয়েছে। তবে এখনো তারা এসে পৌঁছায়নি। স্থ্নাীয়রা যমুনার ভাটি এলাকায় তল্লাশি চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24