২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে শুরু হয়েছে কুম্ভ মেলা

মাদারীপুরের শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রম সংঘে কুম্ভ মেলা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 11:18 AM

মাদারীপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রম সংঘে কুম্ভ মেলা শুরু হয়েছে। রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কদমবাড়ি গ্রামের এই সেবাশ্রম সংঘে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত মূল অনুষ্ঠান হলেও উৎসব চলে তিনদিন। ১৩১ বছরের পুরনো এ কুম্ভ মেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই ভারত ও নেপালসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে বলে আয়োজকরা জানান। নানা ধরনের বাদ্য যন্ত্রের তালে তালে জয় হরি বল ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আশ্রম এলাকা। বসেছে বাউল শিল্পীসহ আধ্যাত্মিক শিল্পীদের গানের আসর। মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে শ্রীমদভগবদ গীতা পাঠ, আলোচনা সভা, ১৩ টি মন্দির গেটে দেব দেবীর পূজা, গনেশ পাগলের পূজা, আরতি, প্রার্থনা, প্রতিমা দর্শন, ভজন সঙ্গীত, পদাবলী কীর্ত্তন, বাউল সঙ্গীত, নাটক, যজ্ঞানুষ্ঠান, প্রসাদ বিতরণ, পবিত্র স্নান ও নর নারায়ণ সেবার কর্মসূচি রয়েছে। মেলা উপলক্ষে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গণেশ পাগল সেবাশ্রম সংঘের প্রধান সেবাইত অতুলানন্দ জানান, সত্য যুগে দেবতা ও অসুরদের উদ্যোগে সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা দেবতারা চারটি কুম্ভ পাত্রে ভারতের হরিদ্রার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক নামক চারটি স্থানে রেখেছিল। তাই প্রতি ১২ বছর পর পর অমৃতযোগে এক এক স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলাকে অনুসরণ করে প্রায় ১৩১ বছর আগে কদমবাড়িতে ১৩ জন সাধু ১৩ সের চাল, ১৩ টাকা নিয়ে ১৩ই জৈষ্ঠ এ মেলার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪৬ ঘ.