২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার দেখছেন না আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ দাবি করেছেন, ক্রসফায়ার বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ দাবি করেছেন, ক্রসফায়ার বন্ধ হয়ে গেছে। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে সরকারের সমালোচনার একদিন পর আইনমন্ত্রী শুক্রবার এ কথা বলেন। অ্যামনেস্টি বলেছে, নির্বাচনী প্রতিশ্র"তি সত্ত্বেও বাংলাদেশে এখনো ক্রসফায়ার নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছেই। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে গত সোমবারেও কুষ্টিয়া এবং চট্টগ্রামে পুলিশ ও র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জন কথিত সন্ত্রাসী নিহত হয় বলে আইন-শৃংখলা বাহিনীর বরাত দিয়ে খবর প্রকাশিত ও প্রচারিত হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ১৫তম বার্ষিক জেলা কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,"দেশে ক্রসফায়ার বন্ধ হয়ে গেছে , এখন আর কোন ক্রসফায়ার নেই।" এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের অনেকে ক্রসফায়ারের পক্ষে বক্তব্য দিয়েছেন। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানটিতে মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, "শুধু মানবতাবিরোধী নয়, ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারও করা হবে। এর সঙ্গে যেকোনো দেশের নাগরিক জড়িত থাকলে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হবে।" আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া আইওয়াশ বলে অনেকে প্রচার করছে। কথাটি সত্য নয়। বাজেটে এজন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, আগামী বাজেটেও এ ক্ষেত্রে ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তুতি রাখা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের সদিচ্ছা রয়েছে বলেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। বিচারে তদন্ত কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, যথাসময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তারা কাজ শেষ করবে। তদন্তকারী কর্মকর্তারাই বলতে পারবেন কাজ কতদূর এগিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/জিএনএ/১৭৫০ ঘ.