২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্ঘটনায় শিশু নিহত

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 06:28 AM

Updated : 25 Aug 2022, 11:19 AM

বাগেরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবা। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার পুরাতন বাগেরহাট-রূপসা সড়কের রহিমাবাদে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জহিরুল ইসলাম (১০)। তার বাবার নাম মো. জাফর (৪০)। তারা ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সোনাহুতা গ্রামের বাসিন্দা। ঝালকাঠি থেকে ভাড়ায়চালিত একটি মটরসাইকেলে বাগেরহাটে আসছিলেন তারা। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত জাফরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে রহিমাবাদে রামপাল থেকে ঢাকাগামী পর্যটক পরিবহনের বাসের সঙ্গে ভাড়ায়চালিত একটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি বলেন, এতে মটরসাইকেলে থাকা শিশু জহির ঘটনাস্থলে মারা যায় এবং তার বাবা জাফর গুরুতর আহত হন। এসআই শহীদুল জানান, দুর্ঘটনার পরপর বাস ও মটরসাইকেলটির চালক উভয়েই পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১২১৭ ঘ.