২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আইনজীবী খুন

গাজীপুর সদর উপজেলার কাথোরা থেকে এক আইনজীবীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 09:49 AM

Updated : 25 Aug 2022, 11:16 AM

গাজীপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কাথোরা থেকে এক আইনজীবীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেলুর রহমান সোহেল (৩৫) গাজীপুর জজ কোর্টে জুনিয়র আইনজীবী হিসেবে অনুশীলন করতেন। তিনি উপজেলার হাতিয়াব গ্রামের হাবিবুর রহমান ড্রাইভারের ছেলে। প্রায় দুই বছর আগে নিহত শিক্ষানবীশ আইনজীবী ফিরোজ জামান হত্যাকাণ্ডের সাক্ষী হওয়ায় সোহেলকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছেন জামানের বাবা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি কবরস্থানের পাশ থেকে সোহেলের লাশটি উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম জানান, তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল এবং নাড়ি-ভুড়ি বেরিয়ে ছিলো। বাম পাজরের উপরে, বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাত ও বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন ছিলো। উদ্ধারের পর লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান, জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। মিজানুর রহমান জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, "শিগগিরই এই খুনের রহস্য বের হয়ে আসবে বলে আশা করছি।" তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। গাজীপুর জজ কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, এক বছর আগে আইন পাস করে তার জুনিয়র হিসেবে কাজ শুরু করেন সোহেল। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন। তিনি বলেন, "এই হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।" জেলা শহরের ছায়াবিথি এলাকায় খুন হওয়া অপর এক আইনজীবীর পিতা সোহরাব হোসেন জানান, তার ছেলের হত্যা মামলায় প্রধান সাক্ষী ছিলেন সোহেল। ফিরোজ জামানকে প্রায় দুই বছর আগে খুন করে সন্ত্রাসীরা। তার বন্ধু ছিলেন সোহেল। ওই হত্যাঘটনায় দায়ের করা মামলাটি গাজীপুর আদালতে বিচারাধীন রয়েছে জানিয়ে সোহরাব বলেন, "মামলার সাক্ষী হওয়ায় তাকে (সোহেল) খুন করা হতে পারে।" গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়াসহ বেশ কজন আইনজীবী মর্গে সোহেলের লাশ দেখতে যান। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৫ ঘ.